বিএনপি নেতাকে সাথে নিয়ে সেতুর ঢালাই উদ্বোধন করলেন জামায়াত মনোনীত এমপি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮
নিজস্ব প্রতিবেদক:
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ঝিকরগাছা উপজেলার দুটি ইউনিয়নে নির্মাণাধীন সেতুর ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন। ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকালে তিনি পৃথকভাবে এই দুটি প্রকল্পের উদ্বোধন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে এই প্রকল্প দুটি বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে একটি গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর খালের ওপর এবং অন্যটি শিমুলিয়া ইউনিয়নের জামতলা মোড় থেকে বোধখানা সড়কে নির্মাণাধীন। প্রতিটি সেতুর দৈর্ঘ্য সাড়ে ৯ মিটার এবং প্রতিটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ ৬১ হাজার ৩১০ টাকা। ঝিকরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এই কাজগুলোর তত্ত্বাবধান করছে।
ছুটিপুর সেতুর ছাদ ঢালাই উদ্বোধনের সময় এমপির সাথে স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: রনী খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জালাল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উদ্বোধনকালে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, "আমি জনগণকে সাথে নিয়ে এলাকার সকল উন্নয়ন কাজ সম্পন্ন করতে চাই। বিশেষ করে কপোতাক্ষ ও বেতনা নদের সংযোগ স্থাপন এবং ছুটিপুর-যশোর ব্রিজটি পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।" সরকার খাল খননের ওপর যে গুরুত্ব দিয়েছে, তাকে সময়োপযোগী উল্লেখ করে তিনি আরও বলেন, "উন্নয়ন প্রকল্প তদারকির জন্য স্থানীয় সুশীল সমাজকে নিয়ে একটি কমিটি করার পরিকল্পনা রয়েছে। তবে মনে রাখতে হবে, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনী খাতুন জানান, ঝিকরগাছা উপজেলায় বর্তমানে এ ধরনের পাঁচটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এগুলো সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি জনগণের যাতায়াতে সুবিধা হবে। তিনি আরও বলেন, "সরকারের নির্দেশনা অনুযায়ী বদ্ধ ও পুনঃখননযোগ্য খালের তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে, যা দ্রুতই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।"
এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে সংসদ সদস্যের এমন তদারকি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দারা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :