• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে প্রায় ১ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬, ৬:০৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিনিধি:
যশোরে প্রায় ১ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (২২ এপ্রিল) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৫টায় একটি বিশেষ টহল দল ওই এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় ৯'শ গ্রাম স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর মাধ্যমে পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।

আটক ব্যক্তি-  ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। তার পাসপোর্ট অনুযায়ী তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিওয়ান্দি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ২০২৪ সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য ও মিশরসহ বিভিন্ন দেশে নিয়মিত যাতায়াত করছিলেন। সর্বশেষ গত ২০ এপ্রিল তিনি ভারতের মুম্বাই থেকে দুবাই হয়ে ঢাকায় আসেন এবং সড়ক পথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল।

বর্তমানে উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতয়ালী থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।