• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬, ০৩:৪৪
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি :

যশোরের অভয়নগরে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া এলাকার আনিছ প্লাজার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা এবং মৃত আব্দুল মজিদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নওয়াপাড়ায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নওয়াপাড়া পীর বাড়ী এলাকার শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ আনিছ প্লাজায় একটি বাসা ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেন। তবে কোনো কারণে আনিছুর রহমান তাকে বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় বিষয়টি নিয়ে আবারও বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহ মাহমুদ সঙ্গে থাকা একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। হামলায় গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আনিছুর রহমান। এ সময় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খুলনায় অবস্থার আরও অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।