• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ডিবি অভিযানে রাজারবাগ থেকে বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারে আলম আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার পর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশে অবস্থিত সরকারি কোয়ার্টারে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকেই মোহাম্মদ ছরওয়ারে আলমকে হেফাজতে নেওয়া হয়। ডিবি প্রধান জানান, তাকে বর্তমানে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত শনিবার রাতে জামায়াত আমিরের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি বিতর্কিত ও আপত্তিকর পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পরপরই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে দাবি করা হয়, সাইবার হামলার মাধ্যমে আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে এবং সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ও মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সাইবার অপরাধ বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এই হ্যাকিংয়ের পেছনে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল কি না এবং আটক ছরওয়ারে আলমের সংশ্লিষ্টতা কতটুকু, তা খতিয়ে দেখা হচ্ছে।