• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে লেখক শিবিরের আলোচনা সভা: ‘আজও আমাদের চেতনায় সমান প্রাসঙ্গিক কাজী নজরুল ইসলাম’ ​


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ অগাস্ট ২০২৬, ১৬:৫৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
বাঙলাদেশ লেখক শিবির যশোর জেলা শাখার আয়োজনে ‘চেতনায় নজরুল’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 কথাসাহিত্যিক পাভেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঙলাদেশ লেখক শিবির যশোর জেলা শাখার সভাপতি জি. এম. আব্দুল আলীম। সাধারণ সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় সভায় ‘কাজী নজরুল ইসলামের সাম্যভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও গবেষক ড. মহিউদ্দীন মোহাম্মদ।

​প্রবন্ধে ড. মহিউদ্দীন মোহাম্মদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশব ও চেতনার উন্মেষ, রাজনৈতিক জীবন, মূল জীবনদর্শন, সাম্যবাদী আন্দোলন, শ্রমজীবী মানুষের অধিকার, নারীর সামাজিক সাম্য ও মর্যাদা, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, অর্থনৈতিক বৈষম্য এবং বৈষম্যবিরোধী সামাজিক চেতনার নানা দিক বিশদভাবে উপস্থাপন করেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল ‘বিদ্রোহী কবি’ নন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এক মহান ব্যক্তিত্ব। তাঁকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে বা একক পরিচয়ে আবদ্ধ করা কিংবা কোনো সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা সাম্প্রদায়িক মানসিকতারই রূপ। নজরুল ছিলেন এক অসাম্প্রদায়িক কবি ও চেতনার রূপকার। তিনি যেমন ইসলামী মূল্যবোধ ও মুসলমানদের জন্য গজল রচনা করেছেন, তেমনি হিন্দু সম্প্রদায়ের জন্য রচনা করেছেন মনমুগ্ধকর শ্যামাসঙ্গীত। জাতীয় জীবনের যে কোনো সঙ্কট, বৈষম্য প্রতিরোধ ও অধিকার আদায়ের সংগ্রামে নজরুল আজও আমাদের মাঝে সমানভাবে প্রাসঙ্গিক।

​অনুষ্ঠানে জাতীয় কবির জীবনদর্শন ও কর্ম নিয়ে আরও আলোচনা করেন গবেষক আফজালুল বাসার, রাজনীতিক জাহাঙ্গীর ফিরোজ এবং কবি ও সম্পাদক মামুন আজাদ। এছাড়া সভায় নজরুলের কবিতা আবৃত্তি করেন কবি সাইদুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যিক, কবি, গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।