ইটভাটায় তেল বিক্রি,বাঘারপাড়ায় তাহের পাম্প ম্যানেজারকে জরিমানা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি :
যশোরের বাঘারপাড়া উপজেলায় নিয়মবহির্ভূতভাবে ইটভাটায় ব্যবহারের জন্য তেল বিক্রির অপরাধে একটি পাম্পের ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ সোমবার দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাত ১১টার পর বাঘারপাড়ার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পাশে ‘তাহের ফিলিং স্টেশন’ নিয়মবহির্ভূতভাবে ইটভাটায় ব্যবহারের ৬০০ লিটার ডিজেল সরবরাহ করছিল। এ সময় বিষয়টি নজরে আসলে স্থানীয়রা ব্যারেল ভর্তি ডিজেল আটকে রাখেন। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পাম্পে এসে ঘটনার সত্যতা পাওয়ার প্রতিষ্ঠানের ম্যানেজার মনির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক গুঞ্জন বিশ্বাস জানান, নিয়মবহির্ভূতভাবে ডিজেল সরবরাহ করার সত্যতা পাওয়ায় পাম্পের ম্যানেজার মনির হোসেনকে পেট্রোলিয়াম আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জ্বালানি খাতের অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :