৫ লাখ সরকারি নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৯
স্বপ্নভূমি ডেস্ক :
সারাদেশের সরকারি দপ্তরগুলোতে শূন্য পদ পূরণে বড় ধরনের কর্মসংস্থান ও উন্নয়নের রোডম্যাপ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মোট ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী জানান, সরকারের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ আগামী ১৮০ দিনের লক্ষ্যমাত্রা সামনে রেখে বিশেষ কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এই সময়ের মধ্যেই ৫ লাখ নিয়োগ প্রক্রিয়ার বড় অংশ দৃশ্যমান হবে। বর্তমানে কেবল জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোতেই ২ হাজার ৮৭৯ জনের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
দেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল যুগে মানিয়ে নিতে প্রধানমন্ত্রী বড় ঘোষণা দেন। তিনি জানান, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবা চালু করা হবে। এর ফলে ছাত্র-ছাত্রীরা সহজেই মানসম্মত অনলাইন শিক্ষা উপকরণের নাগাল পাবে, যা আধুনিক কারিগরি শিক্ষা প্রসারে সহায়ক হবে।
বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা একলাফে তিনগুণ বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এখন থেকে ভিসা পাওয়ার আগেই যোগ্যতার প্রমাণপত্রের (সিওই) ভিত্তিতে শিক্ষার্থীরা সহজে এই ঋণ গ্রহণ করতে পারবেন।
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলা সদরে ১০ বিঘা আয়তনের উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। শহর ও গ্রাম পর্যায়ে উপযুক্ত জায়গা নির্ধারণে একটি কেন্দ্রীয় কমিটি বর্তমানে কাজ করছে বলে প্রধানমন্ত্রী সংসদকে অবহিত করেন।
আপনার মতামত লিখুন :