• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাসে ছিল ৪৫ যাত্রী: ২ জনের মৃত্যু, ১১ জনকে উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬, ১৬:৪৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে এক ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীসহ একটি বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী 'সৌহার্দ্য পরিবহন' নামে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন বহু যাত্রী।

প্রত্যক্ষদর্শী ও ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন। ঈদের ছুটি কাটিয়ে তারা সবাই কর্মস্থল ঢাকায় ফিরছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ঘাটে পন্টুনে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মুহূর্তের মধ্যে গভীর পানিতে তলিয়ে যায়। ঘটনার পরপরই ১১ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও বাকিরা বাসের ভেতরেই আটকা পড়েন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ নিশ্চিত করেছেন যে, স্থানীয়দের সহায়তায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ১১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তবে রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, নদী অত্যন্ত গভীর হওয়ায় বাসটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিটের ডুবুরি দল তল্লাশি অব্যাহত রেখেছে।
:
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। তারা উদ্ধারকাজের তদারকি করছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিচ্ছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজদের সন্ধানে পদ্মার বুকে উদ্ধারকারী জাহাজ ও ডুবুরিদের রুদ্ধশ্বাস অভিযান চলছে। নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারিতে দৌলতদিয়া ঘাটের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।