‘ওয়াদা ভঙ্গের পরিণতি শুভ হবে না’— সরকারকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬, ১৩:২৬
স্বপ্নভূমি ডেস্ক :
বর্তমান সরকারকে অচিরেই ‘ওয়াদা ভঙ্গের’ কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, ছাত্র-শ্রমিক-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত এই সরকার মানুষের অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে, তাদের পরিণতি কখনোই ভালো হয়নি। বর্তমান সরকারকে মনে রাখতে হবে, আপনারা ছাত্র-জনতাকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙেছেন। এই বেইমানির মাসুল আপনাদের অচিরেই দিতে হবে।"
সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, "আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির এই কঠিন সময়ে জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল। আমরা সরকারকে পূর্ণ সহযোগিতার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু সরকার সেই সমঝোতা ও জাতীয় ঐক্য নিজেই ভেঙে চুরমার করে দিয়েছে।"
বিএনপির কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, "বিএনপি ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে। এক মাসের মাথায় তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেইমানি করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের গণরায় ও গণভোটের দাবিকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। শ্রমিকের রক্তের ওপর দাঁড়িয়ে তারা এখন গণবিরোধী অবস্থানে।"
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, "আপনারা ঐক্যবদ্ধ হোন। চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ। সেই শ্রমিকের হিস্যা নিশ্চিত করতে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি ও শ্রমিক শক্তি রাজপথে আছে।"
সম্মেলনে তিনি রাজপথে নামার প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, "শুধু সংসদ নয়, এবার রাজপথের প্রস্তুতি নিতে হবে। গণ-আন্দোলনের মাধ্যমেই আমরা সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটসহ শ্রমিকের প্রতিটি দাবি মানতে বাধ্য করব।"
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সম্মেলনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :