• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা নুরউন নবীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬, ১৫:৪১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর ওয়ার্ড কাউন্সিলর মরহুম নুরউন নবীর চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার বিভিন্ন ধর্মীয় ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

​দিবসটি উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যোগে দিনব্যাপী কোরআনখানি, দোয়া মাহফিল, এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।

​নুরউন নবী দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যশোর জেলার রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি যশোর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​রাজনৈতিক জীবনে তিনি বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। দলের যেকোনো আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের প্রতি অবিচল আনুগত্য, সাংগঠনিক দক্ষতা ও আদর্শনিষ্ঠ অবস্থানের কারণে দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত।

​"রাজনীতি ও জনপ্রতিনিধিত্ব—উভয় ক্ষেত্রেই তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। তাঁর এই অবদান যশোরের মানুষ সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।"

​জনপ্রতিনিধি হিসেবেও নুরউন নবী এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তাঁর এই অবদান আজও স্থানীয় মানুষের মনে দাগ কেটে আছে।

​ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তাঁর বড় ছেলে খুরশিদ আলম বাবু বর্তমানে যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন এবং বাবার আদর্শকে ধারণ করে রাজনীতিতে সক্রিয় আছেন।

​নুরউন নবীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।