• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬, ১৪:০২
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক ঃ
ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমিকে হত্যার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইসরায়েল। আজ সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে।

হামলার পর এক টেলিগ্রাম বার্তায় আইডিএফ জানায়, “ইসরায়েলি বিমান বাহিনীর সুনির্দিষ্ট হামলায় আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। এটি ইরানের সামরিক সক্ষমতার জন্য আরও একটি বড় ধাক্কা।” এর আগে আজ সকালেই ইরান খাদেমির মৃত্যুর খবর নিশ্চিত করেছিল।

সাধারণত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর হামলার ক্ষেত্রে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পর ইরান তা নিশ্চিত করে। তবে এবার ব্যতিক্রম ঘটেছে। ইসরায়েলি বিবৃতির আগেই ইরান নিজ উদ্যোগে তাদের গোয়েন্দা প্রধানের মৃত্যুর খবর বিশ্ববাসীকে জানায়।

সাঈদ মাজিদ খাদেমির দায়িত্ব গ্রহণের ইতিহাসটিও বেশ করুণ। তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমি গত বছরের ১৫ জুন ইসরায়েলি হামলায় নিহত হন। কাজেমি নিহত হওয়ার মাত্র চার দিন পর গোয়েন্দা সংস্থার হাল ধরেছিলেন খাদেমি। এক বছরের ব্যবধানে পর পর দুইজন শীর্ষ গোয়েন্দা প্রধানকে হারিয়ে তেহরান এখন চরম সামরিক ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি