• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মার্কেট ও শপিং মল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬, ১১:১০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবসায়িক সুবিধার কথা বিবেচনা করে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান।

রোববার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ এপ্রিল দেশের বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সভায় ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য পরিচালনার স্বার্থে সময় বাড়ানোর অনুরোধ জানান। তাদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেন।

নতুন এই সময়সীমা কেবল শপিং মলের জন্য নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য সকল মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও কার্যকর হবে। অর্থাৎ, এসব আয়োজনও সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করতে হবে।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিজ্ঞপ্তিতে একটি বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশের সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথভাবে সময়সীমা মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে মাঠ প্রশাসন কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।