বাজেটে বরাদ্দ বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে যশোরে শিক্ষকদের মানববন্ধন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬, ০৯:৩৯
নিজেস্ব প্রতিনিধি:
বিগত বছরগুলোতে জাতীয় বাজেটে শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। পর্যাপ্ত বাজেটের অভাবে ২০২২ সাল থেকে অবসরে যাওয়া দেশের প্রায় ৬৭ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারী তাদের 'অবসর ও কল্যাণ ফান্ড'-এর প্রাপ্য অর্থ পাচ্ছেন না। একই সাথে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরাও দীর্ঘ দিন ধরে চরম অবর্ণনীয় ও মানবিক জীবনযাপন করছেন।
শিক্ষাক্ষেত্রের এই দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে এবং আসন্ন বাজেটে শিক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবিতে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আজ সোমবার (১৮ মে, ২০২৬) সকাল ১১টায় যশোর সার্কিট হাউজের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাকবিশিস যশোর জেলা শাখা।
মানববন্ধনে যশোর জেলার বিভিন্ন অঞ্চলের কয়েকশত শিক্ষক-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তাঁরা আসন্ন বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। মানববন্ধনে বক্তারা বাকবিশিস ঘোষিত ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। একই সাথে বাংলাদেশের সরকারি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থায় বিরাজমান বৈষম্য ও সমস্যা দূরীকরণে সার্বিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের (ন্যাশনালাইজেশন) জোর দাবি তোলেন।
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যশোর জেলা কমিটির সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আব্দুল গফুরের সঞ্চালনায় এবং কমিটির সভাপতি অধ্যক্ষ পান্ডেল চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা কমিটির সহ-সম্পাদক মোঃ ইবাদত খান, মোঃ মোক্তার আলী, সোহেল রানা, নির্মল কুমার বিশ্বাস, ফিরোজ আহমেদ সহ হামিদপুর আল-হেরা কলেজ, শমসের আলী ডিগ্রি কলেজ ও শিল্পনগরী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আসন্ন বাজেটে শিক্ষকদের এই ন্যায্য ও মানবিক দাবিগুলোর প্রতিফলন না ঘটে, তবে শিক্ষকরা আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
আপনার মতামত লিখুন :