• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ার বিজিবির


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬, ০৬:২০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উসকানিমূলক গুলির মুখে কড়া জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএসএফের অন্যায় গুলির জবাবে তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করেছে বিজিবি সদস্যরা।

আজ মঙ্গলবার (১৯ মে) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ করেই গুলি ছোড়ে বিএসএফ। এর জবাবে বিজিবি অত্যন্ত দৃঢ় ও পেশাদার পদক্ষেপ গ্রহণ করে এবং তাৎক্ষণিক পাল্টা ফায়ার করে কড়া প্রতিক্রিয়া জানায়। বিজিবির এই কঠোর অবস্থানের মুখে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্থিতিশীল রয়েছে।

ঘটনার পর থেকে সোনারহাট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি ব্যাপক আকারে জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে (হাই অ্যালার্ট) রয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও উল্লেখ করে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে, সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী সাধারণ জনগণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং যেকোনো অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।