৫ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক মেয়র আইভী
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০
স্টাফ রিপোর্টার :
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট হৃদয় রহমান।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। ওই ঘটনায় গত বছরের ২৩ সেপ্টেম্বর নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই মামলায় ১২ নম্বর আসামি ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়।
এর আগে গত নভেম্বর মাসে এই ৫টি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিলেও পরবর্তীতে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়। পরে তাকে এসব মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ (Shown Arrest) দেখানো হয়েছিল। গত বছরের মে মাসে মিনারুল হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন নিম্ন আদালত। আজ হাইকোর্টের এই আদেশের ফলে তার আইনি লড়াইয়ে নতুন মোড় এলো।
উল্লেখ্য, পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলা ছাড়াও আরও ৩টি হত্যা মামলা ও একটি বিশেষ মামলায় আইভীকে আসামি করা হয়েছিল। আজকের শুনানিতে আদালত সকল তথ্য উপাত্ত বিবেচনা করে তাকে জামিন প্রদানের সিদ্ধান্ত নেন।
আপনার মতামত লিখুন :