ইবি শিক্ষক রুনা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলেন কর্মচারী ফজলু
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬, ১১:৪৫
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি কর্মচারী ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন অবস্থায় ফজলু হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে লিখিত জবানবন্দি দিয়েছেন। চিকিৎসকদের মতে, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
গত বৃহস্পতিবার সকালে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় দায়ের করা এই মামলায় কর্মচারী ফজলুর রহমানসহ মোট চারজনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন— সাবেক উপ-রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।
তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, "হত্যা মামলা দায়েরের পর থেকেই পুলিশ তৎপর রয়েছে। আমরা প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি এবং তিনি পুলিশের পাহারায় চিকিৎসাধীন আছেন। যেহেতু মামলার অন্য দুই আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাই তাদের ব্যাপারে অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।"
উল্লেখ্য, গত বুধবার নিজ বিভাগীয় কক্ষে কর্মচারী ফজলুর রহমানের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ফজলু একই বিভাগের কর্মচারী ছিলেন।
আপনার মতামত লিখুন :