গণভোটের দাবিতে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা রাকিবুল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬, ১৫:২১
স্বপ্নভূমি ডেস্ক :
ফেসবুকে গণভোটের পক্ষে পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার মাথায় বহিষ্কার করা হয়েছে লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের নেতা রাকিবুল হাসানকে। তিনি ওই কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়। বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়ে দলের অন্যান্য নেতা-কর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে রাকিবুল হাসান তার ব্যক্তিগত ফেসবুক আইডি (MD Rakibull Hasan) থেকে “টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন” শীর্ষক একটি স্ট্যাটাস দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। স্থানীয় নেতাকর্মীদের মতে, ২০২৪ সালের জুলাই বিপ্লবে জেলা শহর ও আদিতমারীতে সামনের সারিতে থেকে আন্দোলন পরিচালনা করেছিলেন তিনি। এর আগে ২০২২ সালে বিএনপির আন্দোলন চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হাতে তিনি কয়েক দফায় শারীরিকভাবে লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছিলেন। রাজপথের এমন একজন কর্মীকে তুচ্ছ কারণে বহিষ্কার করায় তৃণমূলের অনেক নেতাকর্মী বিস্ময় প্রকাশ করেছেন।
বহিষ্কারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রাকিবুল হাসান বলেন, “দশম শ্রেণি থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছি। জুলাই আন্দোলনেও রাজপথে বুক পেতে দিয়েছিলাম। আমি কেবল দেশের মানুষের হয়ে গণভোটের দাবি জানিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। এই অপরাধে আমাকে বহিষ্কার করা হবে, তা ভাবতেই পারিনি।”
বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে একজন সক্রিয় কর্মীকে এত দ্রুত কেন সরিয়ে দেওয়া হলো, তা নিয়ে জেলাজুড়ে রাজনৈতিক মহলে নানামুখী আলোচনা চলছে।
আপনার মতামত লিখুন :