• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, প্রতিস্থাপন করা হবে: অতিরিক্ত পুলিশ সুপার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর কোতোয়ালি মডেল থানার অভ্যন্তরে থাকা মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভটি ধ্বংস নয়, বরং নতুন আধুনিক ভবন নির্মাণ শেষে যথাযথ স্থানে মর্যাদার সঙ্গে প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

​স্মৃতিস্তম্ভটি অপসারণকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি স্পষ্ট করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম। একই সঙ্গে তিনি এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

​প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ইউএনডিপির অর্থায়নে দেশব্যাপী ১০৭টি থানা আধুনিকায়ন প্রকল্পের আওতায় গণপূর্ত অধিদপ্তর কোতোয়ালি মডেল থানার চারতলা আধুনিক ভবন নির্মাণের কাজ শুরু করেছে। ২৬ হাজার বর্গফুট ও ছয়তলা ফাউন্ডেশনবিশিষ্ট এই নতুন ভবনের নকশাগত সুবিধার কারণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশের আত্মত্যাগের স্মৃতিবিজড়িত স্তম্ভটি বর্তমান অবস্থানে রাখা সম্ভব হচ্ছে না। পুলিশ হেডকোয়ার্টার্সের অনুমতি নিয়ে এটি সাময়িকভাবে সরানো হয়েছে। নতুন ভবনের নির্মাণকাজ শেষ হলে এটিকে উপযুক্ত ও মর্যাদাপূর্ণ স্থানে পুনরায় স্থাপন করা হবে। এটি কোনোভাবেই স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, বরং থানার সংস্কার ও আধুনিকায়নের অংশ।

​এদিকে, প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের অপরাধবিরোধী চলমান বিশেষ অভিযানের সাফল্যও তুলে ধরা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, পহেলা জুলাই থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ২০৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি ২০০টি মাদক মামলায় ২৪৫ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিল ও দেশি-বিদেশি মদ জব্দ করা হয়েছে।

​তিনি আরও জানান, অভিযানকালে জেলা পুলিশ ২টি ওয়ান শুটারগান, ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, ছিনতাইকারী ও চাঁদাবাজসহ মোট ৩৮৭ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।