• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিশ্ববাজারে কমেছে তেলের দাম


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬
ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবকে ঘিরে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগ ও ইয়েমেনের হুথিদের ক্রমাগত হামলার মধ্যেও আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) দাম। সৌদি আরব থেকে জ্বালানি পরিবহনে জাহাজ চলাচল স্বাভাবিক থাকার আশাবাদ তৈরি হওয়ায় তেলের বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা কিছুটা কমেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক দরদামে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা ০.৭৮ শতাংশ কমে ১০৩.০৬ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন বাজারের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ০.৮৯ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৯৯.৪১ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, সৌদি আরবের উপকূল দিয়ে আন্তর্জাতিক নৌপথে জ্বালানি পরিবহন সুগম থাকলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সত্ত্বেও বাজারে বড় আকারের সরবরাহ ঘাটতি তৈরি হওয়ার ঝুঁকি কমে যায়। বিনিয়োগকারীদের মধ্যে এই সংক্রান্ত ইতিবাচক ধারণা তৈরি হওয়ায় তেলের দাম নিম্নমুখী হয়েছে।

তবে তেলের দাম কমলেও ওই অঞ্চলে হুথি বিদ্রোহীদের সামরিক তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বেশ কয়েকটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেনের হুথি গোষ্ঠী। লক্ষ্যবস্তুর তালিকায় সৌদি রাষ্ট্রীয় তেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'আরামকো'-র একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও ছিল।

সৌদি সরকারি কর্তৃপক্ষের দাবি, হামলায় ব্যবহৃত সবকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে আকাশে ধ্বংস ও প্রতিহত করা হয়েছে। এর ফলে আরামকোর উৎপাদন কিংবা সৌদি তেলের আন্তর্জাতিক পরিবহনব্যবস্থায় কোনো বড় ধরণের বিঘ্ন ঘটেনি বলে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র: রয়টার্স