জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে জেলা ফুটবল অধিনায়কের সংবাদ সম্মেলন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬, ১০:২৫
স্টাফ রিপোর্টার :
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন যশোর জেলা ফুটবল দলের অধিনায়ক আতিক হাসান। আজ বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে লিখিত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
আতিক হাসান জানান, ঝিকরগাছার বাদে নাভারন গ্রামে মাতুল সূত্রে প্রাপ্ত ২৬ শতক জমিতে তারা বসতবাড়ি ও রাইসমিল করে দীর্ঘ দিন ধরে ভোগদখল করছেন। এই জমি নিয়ে প্রতিবেশী মো: শওকত আলীর সাথে বিরোধ চলায় আদালতে দেওয়ানী ও ১৪৪ ধারায় মামলা বিচারাধীন রয়েছে। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া সত্ত্বেও গত ৩ জুলাই সকালে শওকত আলী সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক জমির একাংশ দখল করে প্রাচীর দেওয়ার চেষ্টা করেন।
অভিযোগে বলা হয়, বাধা দিলে বিবাদী পক্ষ পরিবারটিকে মারধর করতে উদ্যত হয় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ অবস্থায় আতিক হাসান ও তাঁর পরিবার যেকোনো বড় ধরনের সংঘাত এড়াতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :