যশোর পৌর পার্কে বিরল গাছ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৫
স্টাফ রিপোর্টার :
যশোর শহরের পৌর পার্কে দেখা মিলছে বিরল প্রজাতির সাগু গাছ, যা ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। পার্কের প্রধান ফটক থেকে সামান্য এগোলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা উঁচু এই গাছগুলো সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের।
অনেকের কাছে অচেনা এই সাগু গাছ প্রকৃতিতে বেশ স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। গাছের চারদিকে ছড়িয়ে থাকা বড় পাতা এবং মাঝখানে ফুল ও ফলের অবস্থান এটিকে আলাদা করে চেনায়। বর্তমানে পার্কের কিছু গাছে ফুল, আবার কিছু গাছে ফল ধরতে দেখা গেছে।
সাগু গাছের বৈশিষ্ট্য হলো—এর ফল সম্পূর্ণ পেকে গেলে গাছটি মারা যায়। ফলে ফল পুরোপুরি পরিপক্ব হওয়ার আগেই তা সংগ্রহ করতে হয়। গাছের ভেতরের অংশ প্রক্রিয়াজাত করে যে আঠালো পদার্থ পাওয়া যায়, তা থেকেই তৈরি করা হয় সাগু দানা।
বাজারে পাওয়া মুক্তোর মতো ছোট ছোট দানার সাগু এই গাছ থেকেই উৎপাদিত হয়। এটি একটি শর্করা জাতীয় খাদ্য, যা দীর্ঘদিন ধরে শিশু ও অসুস্থ মানুষের জন্য হালকা ও সহজপাচ্য খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
বর্তমানে সাগুর ব্যবহারেও এসেছে বৈচিত্র্য। সব বয়সী মানুষ এখন সাবু দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাচ্ছেন, যা এর চাহিদা ও জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে।
আপনার মতামত লিখুন :