• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আবু সাঈদ হত্যা মামলার ৩০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ (মঙ্গলবার) তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরার মধ্য দিয়ে এই ধাপটি আনুষ্ঠানিকভাবে শেষ হলো।

মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এই কার্যক্রম শেষ হয়। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে পর্যায়ক্রমে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

মামলার ২৫ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া রুহুল আমিনকে টানা চারদিন জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। বেরোবির তৎকালীন প্রক্টর শরিফুল ইসলামের আইনজীবী আমিনুল গণি টিটোসহ পলাতক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে নিযুক্ত রাষ্ট্রীয় ও ব্যক্তিগত আইনজীবীরা এই জেরা কার্যক্রমে অংশ নেন। গত ৬ জানুয়ারি জেরা শুরু হলেও আজ তা শেষ হয়।

প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী আসামিপক্ষের ‘সাফাই সাক্ষ্য’ দেওয়ার সুযোগ ছিল। তবে আদালত সূত্রে জানা গেছে, আসামিপক্ষ থেকে সাফাই সাক্ষ্যগ্রহণের কোনো আবেদন করা হয়নি। আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) মামলায় যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের তারিখ নির্ধারণের কথা রয়েছে।

আজ সকালে কারাগার থেকে গ্রেপ্তার হওয়া ছয় আসামিকে কড়া পাহারায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। অন্যদিকে, বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী আইনি লড়াই পরিচালনা করছেন।

গত বছরের ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল। এর আগে ২৪ জুন তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর কার্যালয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছিল। ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই ঐতিহাসিক মামলার বিচার এখন চূড়ান্ত পর্যায়ের দ্বারপ্রান্তে।