যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে বিজিবি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ অগাস্ট ২০২৬, ১৩:৪০
যশোর প্রতিনিধি:
যশোরে ৭৭ লাখ ৫৪ হাজার ৬শ' টাকা মূল্যের ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ ওসমান গনি (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ওসমান গনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে।
৪৯ বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল দাইতলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওসমান গনিকে আটক করে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা। এছাড়া তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১১ হাজার ৬শ' টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওসমান গনি জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বার দুটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে চোরাচালান দমন আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
৪৯ বিজিবি-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সীমান্তে বিজিবির নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। পাচার রোধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :