নিজস্ব প্রতিবেদক:
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা হাইএস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন— কামরুলজামান খান, যশোর সদরের কচুয়া খানপাড়া এলাকার মৃত বাবুল খানের ছেলে, রাসেল খান, কেশবপুরের মধ্যকুল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
রোববার (২৮ জুন) আটককৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ডিবি সূত্র জানায়, গত ২৭ জুন রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল যশোর সদরের রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকার একটি ফাঁকা জমির সামনে সন্দেহভাজন হিসেবে একটি পুরাতন টয়োটা হাইএস মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় মাইক্রোবাসে থাকা রাসেল খান ও কামরুলজামান খানকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। একই সাথে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :