পানিবন্দী মানুষের পাশে জামায়াতের এমপি গোলাম রসুল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬, ১০:১৪
স্টাফ রিপোর্টার :
দক্ষিণবঙ্গের চিরস্থায়ী দুর্ভোগ ভবদহের জলাবদ্ধতায় যশোরের অভয়নগর, বাঘারপাড়া ও মনিরামপুরসহ বিস্তীর্ণ অঞ্চলের হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই চরম সংকটে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের আমির ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে অভয়নগর উপজেলার আদর্শপাড়া, চেঙ্গুটিয়া ও বুড়োর দোকান এলাকায় পানিবন্দী অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিয়ে তিনি বলেন: ভবদহের জলাবদ্ধতা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্থায়ী সমস্যা। এর স্থায়ী ও টেকসই সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে অভয়নগর উপজেলা আমির সরদার শরীফ হোসেন, প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মশিউর রহমানসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ পেয়ে কর্মহীন ও খাদ্য সংকটে থাকা ভুক্তভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে এই দুর্ভোগ থেকে চিরতরে মুক্তি পেতে ভবদহ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আপনার মতামত লিখুন :