ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন: হরমুজ প্রণালি থেকে নৌ অবরোধ তুলল যুক্তরাষ্ট্র
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬, ০০:১৪
আন্তর্জাতিক ডেস্ক:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানের সঙ্গে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ হওয়ার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির অংশ হিসেবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ এবং মার্কিন নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার অনুমোদন দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
রোববার (১৪ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক আবেগঘন পোস্টে ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক অর্জনের কথা জানান। পোস্টে বিশ্ববাসীকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘সবাইকে অভিনন্দন! চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, ‘আমি এখন হরমুজ প্রণালিকে সম্পূর্ণ টোলমুক্তভাবে উন্মুক্ত করার অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি।’ বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলোর উদ্দেশ্যে ট্রাম্প তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের (জাহাজের) ইঞ্জিন চালু করুন। তেল প্রবাহিত হতে দিন।’
বিশ্বের অন্যতম প্রধান এবং সংবেদনশীল জ্বালানি পরিবহন পথ হিসেবে বিবেচনা করা হয় হরমুজ প্রণালিকে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো থেকে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য এই রুট দিয়েই বিশ্ববাজারে সরবরাহ করা হয়। দীর্ঘদিনের সংঘাত ও মার্কিন নৌ অবরোধের কারণে এই রুটটি কার্যত স্থবির হয়ে পড়েছিল, যার বড় প্রভাব পড়েছিল বৈশ্বিক অর্থনীতি ও তেলের বাজারে। ট্রাম্পের এই আকস্মিক ও চূড়ান্ত ঘোষণার পর অবরুদ্ধ হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :