• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আবুধাবিতে শান্তি আলোচনার প্রাক্কালে ট্রাম্পকে ‘সফল নেতা’ বললেন মেদভেদেভ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক, স্বপ্নভূমি :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে নিজেকে একজন ‘শান্তি প্রতিষ্ঠাকারী’ নেতা হিসেবে ইতিহাসে স্মরণীয় করে রাখতে চান ডোনাল্ড ট্রাম্প—এমন মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শান্তি প্রচেষ্টার প্রশংসা করার পাশাপাশি তাঁর ‘ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন’ কূটনীতিরও ভূয়সী প্রশংসা করেছেন সাবেক এই রুশ প্রেসিডেন্ট।

রোববার মস্কোর বাইরে নিজ বাসভবনে রয়টার্স ও তাসসহ রুশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, "ট্রাম্প ইতিহাসে একজন শান্তিদূত হিসেবে জায়গা করে নিতে চান এবং তিনি সত্যিই সেই চেষ্টা করছেন। আর এ কারণেই আমেরিকার সঙ্গে রাশিয়ার যোগাযোগ এখন আগের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ।" উল্লেখ্য, চলতি সপ্তাহে আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

প্রশংসার পাশাপাশি মেদভেদেভ ট্রাম্পকে কিছুটা রসিকতার ছলে খোঁচাও দিয়েছেন। গত আগস্টে রাশিয়ার কাছাকাছি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই প্রসঙ্গে মেদভেদেভ বলেন, "ট্রাম্প সাবমেরিন মোতায়েনের কথা বললেও আমরা রুশ উপকূলে এখনো তেমন কিছুর চিহ্ন খুঁজে পাইনি।"

ট্রাম্পের মেজাজ ও কৌশল নিয়ে মেদভেদেভ বলেন, "অনেকে ট্রাম্পকে আবেগপ্রবণ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী মনে করলেও আসলে তাঁর পেছনে একটি সচেতন ও দক্ষ ব্যবসায়িক কৌশল রয়েছে।" তিনি মজা করে বলেন, "সাবেক ব্যবসায়ী বলে কিছু নেই—ঠিক যেমন রাশিয়ায় বলা হয় সাবেক কেজিবি এজেন্ট বলে কিছু নেই।" মার্কিন রাজনৈতিক প্রতিষ্ঠানের (এস্টাবলিশমেন্ট) চাপ মোকাবিলায় ট্রাম্পের সাহসেরও প্রশংসা করেন তিনি।

২০২২ সালে ইউক্রেন অভিযান শুরুর পর থেকে মেদভেদেভ পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে কট্টর অবস্থানের জন্য পরিচিত। সাক্ষাৎকারে তিনি পুনরায় দাবি করেন, রাশিয়া শিগগিরই এই যুদ্ধে সামরিক বিজয় অর্জন করবে। তবে তিনি সতর্ক করে বলেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিজয়ের পর যেন আর কোনো নতুন সংঘাতের সৃষ্টি না হয়। আমি চাই এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক।"

যদিও রুশ নীতিনির্ধারণে ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তই চূড়ান্ত, তবুও মেদভেদেভের এই ইতিবাচক মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের প্রতি মস্কোর নমনীয় দৃষ্টিভঙ্গির ইঙ্গিত হিসেবে দেখছেন বিদেশি কূটনীতিকরা। ট্রাম্পকে ইতিবাচক নাকি নেতিবাচক হিসেবে দেখেন—এমন প্রশ্নে মেদভেদেভ সরাসরি বলেন, "মার্কিন জনগণ ট্রাম্পকে বেছে নিয়েছেন এবং রাশিয়া সেই সিদ্ধান্তকে সম্মান করে।"