সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬, ১০:৫১
স্টাফ রিপোর্টার :
সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, “আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তিনি পদত্যাগপত্রে যে বক্তব্য বা ন্যারেটিভ তুলে ধরেছেন, তা অপ্রাসঙ্গিক। অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি মূলত নিজের জন্য একটি ‘সেফ এক্সিট’ বা নিরাপদে বেরিয়ে যাওয়ার পথ তৈরির চেষ্টা করেছেন। কিন্তু একজন ফ্যাসিবাদের দোসরকে এভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি পদে আসীন থাকা অবস্থায় হয়তো তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। কিন্তু পদত্যাগের পর তাঁর আর কোনো আইনি সুরক্ষা বা দায়মুক্তির (ইনডেমনিটি) বিধান নেই। ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের প্রতি বিচার পূর্ণাঙ্গ করতে হলে তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে হবে।”
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, “বিএনপির সঙ্গে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের যে সম্পর্কের সমীকরণ তৈরি হয়েছিল, পরবর্তী সময়ে সেখানে টানাপোড়েন দেখা দেয়। যার সরাসরি ফল হিসেবেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।”
সংসদের প্রথম অধিবেশনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “সংসদে যাতে কোনো ফ্যাসিস্টের সহযোগী বক্তব্য দিতে না পারেন, সেজন্য আমরা জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানিয়েছিলাম। তবে সব প্রতিবাদ উপেক্ষা করে তাঁকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল, যার প্রতিবাদে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছিলাম।”
আপনার মতামত লিখুন :