স্বপ্নভূমি ডেস্ক:
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন রোধে অভিযান আরও জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল বুধবার (৬ মে) প্রকাশিত বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভিবাসন সুবিধার অপব্যবহার ঠেকাতেও নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ।
বিবৃতিতে বলা হয়, গত ৪ মে দেশজুড়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোট ৩২টি বিশেষ অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। এসব অভিযানে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারায় অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
একই সঙ্গে বৈধ নথিপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার অভিযোগে ১৩ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জেআইএম বিশেষভাবে সামাজিক ভিজিট পাস ও অস্থায়ী কর্মসংস্থান পাস (পিএলকেএস)-এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, অনেক বিদেশি কর্মী অনুমোদিত খাতের বাইরে কাজ করছেন, যা দেশটির আইন লঙ্ঘনের শামিল।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। এর মধ্যে রয়েছে পাস বাতিল, বহিষ্কার এবং আইনগত ব্যবস্থা গ্রহণ।
পাশাপাশি বৈধ পাস ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দেওয়া নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
জেআইএম বলছে, কোনো ধরনের আপস ছাড়াই এসব অপরাধের বিরুদ্ধে মামলা পরিচালনা করা হবে, যাতে দেশের শ্রমবাজারে শৃঙ্খলা বজায় থাকে এবং বিদেশি শ্রমিকদের শোষণ প্রতিরোধ করা যায়।
আপনার মতামত লিখুন :