• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুই নেতার মধ্যকার সাম্প্রতিক বৈঠককে জাতীয় রাজনীতির জন্য একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

গত রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এসব কথা জানান।

তারেক রহমানের সঙ্গে নিজের আবাসিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান লেখেন, “আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে।” তিনি একটি ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যক্ত করেন।

বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে জামায়াত আমির জানান, তারেক রহমান তাকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। এই আশ্বাসকে সাধুবাদ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের প্রত্যাশা, কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়।”

জাতীয় স্বার্থের বিষয়ে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদানের ঘোষণা দিলেও সংসদ ও রাজপথে নিজেদের ভূমিকার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন জামায়াত আমির। তিনি বলেন, “একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব। সরকারের জনকল্যাণমূলক কাজে সমর্থন থাকবে, তবে যেখানেই জবাবদিহিতার প্রয়োজন হবে, সেখানে আমরা সোচ্চার থাকব। আমাদের উদ্দেশ্য সংঘাত নয় বরং সংশোধন; বাধা দেওয়া নয় বরং পর্যবেক্ষণ।”

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন যে, জামায়াতে ইসলামী ১১-দলীয় জোটের সাথে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এমন একটি সংসদ প্রত্যাশা করেন যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে।