• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রাশিয়ার গভীরে ইউক্রেনের বিধ্বংসী ড্রোন হামলা: তেলের টার্মিনাল ও গুদাম ভস্মীভূত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:০৫
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তামান বন্দরে বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এই হামলায় বন্দরটির তেল সঞ্চয়নাগার, গুদাম এবং টার্মিনাল প্রায় ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। তামান বন্দরটি রাশিয়ার শস্য, কয়লা এবং তেলজাত পণ্য বহির্বিশ্বে রপ্তানির অন্যতম প্রধান রুট।

রাশিয়ার ক্রাসনোদার প্রদেশের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরটির জ্বালানি তেলের স্টোরেজ ব্যবস্থা ও টার্মিনাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় অন্তত দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে কেবল তামান বন্দরই নয়, কৃষ্ণ সাগরের তীরবর্তী জনপ্রিয় পর্যটন শহর সোচি এবং আনাপার ইউরোভকা গ্রামেও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে ওই এলাকাগুলো থেকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

রোববার ইউক্রেনের সেনাপ্রধানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে তামান বন্দরে হামলার দায় স্বীকার করা হয়েছে। কিয়েভ জানিয়েছে, রাশিয়ার অর্থনৈতিক ও সরবরাহ ব্যবস্থাকে পঙ্গু করে দিতেই এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, নিকট ভবিষ্যতে রাশিয়ার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে প্রধান লক্ষ্যবস্তু করে আরও বড় আকারে হামলার পরিকল্পনা রয়েছে ইউক্রেনের।

তামান বন্দর রাশিয়ার তেল ও শস্য রপ্তানির জন্য একটি লাইফলাইন হিসেবে পরিচিত। এই বন্দরটি অচল হয়ে পড়লে বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যশস্য সরবরাহে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।