বিএনপিকে পাশে বসিয়ে হেফাজত আমিরের ফতোয়া: ‘জামায়াতকে ভোট দেওয়া হারাম’
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১
স্বপ্নভূমি ডেস্ক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য ‘হারাম’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেফাজত আমিরের পাশে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর বসে আছেন। সেই অবস্থাতেই জামায়াতবিরোধী কড়া বক্তব্য দেন বাবুনগরী।
ভিডিওতে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বলতে শোনা যায়, “সমস্ত মুসলমানদেরও বলুন, তাদের (জামায়াতকে) ভোট দেওয়া জায়েজ হবে না। এটি হারাম।” পাশে বসে থাকা বিএনপি নেতা সারোয়ার আলমগীরকে দেখিয়ে তিনি আরও বলেন, “আমরা উনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না। এটি জিহাদ।”
জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে হেফাজত আমির আশঙ্কা প্রকাশ করেন যে, “জামায়াত ক্ষমতায় এলে ইসলামের গোড়া কেটে যাবে। ঈমানের গোড়া কেটে যাবে।”
নির্বাচনী রাজনীতির এই উত্তপ্ত সময়ে কওমি মাদ্রাসাকেন্দ্রিক অন্যতম বড় সংগঠনের শীর্ষ নেতার এমন সরাসরি রাজনৈতিক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিএনপি ও জামায়াত যেখানে জাতীয় পর্যায়ে একই বলয়ে থাকার গুঞ্জন ছিল, সেখানে স্থানীয় পর্যায়ে বিএনপি প্রার্থীর উপস্থিতিতে হেফাজত আমিরের এই ‘হারাম’ ফতোয়া স্থানীয় রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :