রেকর্ড উত্থানের পর ফের নামল সোনার দাম: ভরিতে কমল ১৯২৫ টাকা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২
নিজস্ব প্রতিবেদক :
দেশের বাজারে সোনার দামে বিরাজ করছে চরম অস্থিরতা। দফায় দফায় দাম বাড়া ও কমার মধ্য দিয়ে চলায় সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৯২৫ টাকা কমানো হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। বর্তমান দর অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনা এখন মিলবে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকায়।
এক নজরে সোনার নতুন দাম (ভরি প্রতি):
২২ ক্যারেট: ২,৫৭,৭৭৪ টাকা
২১ ক্যারেট: ২,৪৬,০৫২ টাকা
১৮ ক্যারেট: ২,১০,৮৮৫ টাকা
সনাতন পদ্ধতি: ১,৭২,৫৬৯ টাকা
রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের পতনের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস-এর তথ্যমতে, গত বৃহস্পতিবার প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়ে রেকর্ড গড়লেও শনিবার তা নেমে আসে ৪ হাজার ৮৯৩ ডলারে। রোববার আন্তর্জাতিক বাজার বন্ধ থাকলেও আগের দিনের দরপতন দেশীয় বাজারে প্রভাব ফেলেছে।
গেল সপ্তাহটি ছিল দেশের সোনার বাজারের ইতিহাসের সবচেয়ে অস্থিতিশীল সময়। গত বৃহস্পতিবার এক লাফে রেকর্ড ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়িয়েছিল বাজুস, যাতে ভরি দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে সেই রেকর্ড ২৪ ঘণ্টাও স্থায়ী হয়নি। শুক্রবার সকালেই আবার ১৪ হাজার ৬০০ টাকা কমানো হয়। সেই ধারাবাহিকতায় রোববার রাতে আবারও কমানোর ঘোষণা এলো।
বাজুস সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারের অস্থিরতার কারণে স্থানীয় বাজারে দ্রুত সমন্বয় করতে হচ্ছে, যা ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :