রামপালে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: শিশুসহ নিহত ১২
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ মার্চ ২০২৬, ৬:৪৫
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের রামপালে যাত্রীবাহী মাইক্রোবাস ও নৌবাহিনীর একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন শিশু ও তিন নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় দ্রুতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন।
দুর্ঘটনায় হতাহতদের দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে ৮ জনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুইজন পুরুষ। এ ছাড়া আরও একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, তার হাসপাতালে ৪ জনের মরদেহ রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত মোট ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হাসপাতাল চত্বর।
আপনার মতামত লিখুন :