যশোরে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬, ১৫:৪৭
নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক দুটি সফল মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) জেলার মণিরামপুর ও সদর থানা এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে প্রথম অভিযানটি চালানো হয় মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর বাজার সংলগ্ন আমতলা মোড়ে। সেখানে সন্দেহভাজন হিসেবে মোছা. হামিদা খাতুন (৪২) নামে এক নারীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হামিদা শার্শা উপজেলার নাভারণ ইউনিয়নের দক্ষিণ বুরুজবাগান এলাকার মৃত কামাল হোসেনের স্ত্রী।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এদিকে, একই দিন বিকেল ৫টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে ডিএনসির আরেকটি দল। সেখানে তৌফিক রহমান (২৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত তৌফিক যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
এই অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় অন্য মামলাটি দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত জেলা যশোরে মাদকের নেটওয়ার্ক ভেঙে দিতে এবং মাদক নির্মূলে নিয়মিত এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :