বিদেশি চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি: ডা. শফিকুর রহমান
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬, ১০:২৬
নিজস্ব প্রতিবেদক ঃ
অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, এ বিষয়ে সরকার তাদের সঙ্গে কোনো কথা বলেনি।
শুক্রবার (৬ মার্চ, ২০২৬) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, “বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।”
দেশের জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মতামতের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে, সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি।”
বিদেশের সঙ্গে হওয়া এসব চুক্তির বিষয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট উল্লেখ করে দলটির আমির বলেন, “এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারদের সাথে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তিগুলো নিয়ে রাজনৈতিক মহলে নানামুখী আলোচনা চলছে। জামায়াতে ইসলামীর আমিরের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :