মনিরামপুরে খাবারে চেতনা নাশক মিশিয়ে মাদরাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ লুট
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪
নিজস্ব প্রতিবেদক, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরে খাবারে চেতনা নাশক মিশিয়ে এক মাদরাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বাকোশপোল মাঝের পাড়ায় গত শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময়ে মাদরাসা শিক্ষক মোহাম্মদ বাদল বিশ্বাসের বাড়িতে এই ঘটনা ঘটে। চক্রটি নগদ দেড় লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে।
ভুক্তভোগী পরিবারের স্বজন ও স্থানীয় পল্লি চিকিৎসক মোনায়েম বিশ্বাস জানান, বাদল বিশ্বাসের পরিবারের সদস্যরা শুক্রবার বিকেলে রান্নাঘরে থাকা হলুদের গুঁড়া দিয়ে ইফতার ও রাতের খাবার প্রস্তুত করেন। ধারণা করা হচ্ছে, দিনের কোনো এক সময় দুর্বৃত্তরা গোপনে রান্নাঘরে ঢুকে হলুদের গুঁড়ার সাথে চেতনা নাশক পাউডার মিশিয়ে দেয়।
ইফতার ও রাতের খাবার খাওয়ার পর শিক্ষক বাদল বিশ্বাস, তার স্ত্রী ও দুই ছেলে অসুস্থ ও তন্দ্রাচ্ছন্ন বোধ করতে থাকেন। রোজা রাখার কারণে এমনটা হচ্ছে ভেবে তারা দ্রুত ঘুমিয়ে পড়লে চক্রটি সুযোগ বুঝে ঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
চোরচক্র ঘরের আলমারি ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের ঘুম ভাঙলে তারা ঘরের দরজা ভাঙা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। মোনায়েম বিশ্বাস আরও জানান, লুট হওয়া নগদ টাকার একটি বড় অংশ ছিল এলাকার সাধারণ মানুষের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকার ৪০ জন ব্যক্তি মিলে কোরবানি দেওয়ার জন্য বাদল বিশ্বাসের কাছে টাকা জমা রেখেছিলেন। সেই গচ্ছিত প্রায় দেড় লাখ টাকা চোরচক্র নিয়ে গেছে।
পুলিশের বক্তব্য
ঘটনার বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, "এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হয়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত ঘটনা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বর্তমানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :