যশোর রুপদিয়ায় আপন ভাই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল বোনের বসতবাড়ি!
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর সদর উপজেলার জিরাট গ্রামে ওয়ারিশ সূত্রে পাওয়া জমি ও বসতবাড়ি থেকে এক বিধবা নারী ও তার সন্তানদের উচ্ছেদ করতে বুলডোজার দিয়ে তাণ্ডবলীলা চালানোর অভিযোগ উঠেছে আপন ভাইদের বিরুদ্ধে। গত কয়েক বছর ধরে বসবাস করা বসতভিটা গুঁড়িয়ে দিয়ে ওই পরিবারটিকে খোলা আকাশের নিচে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী মোছাঃ হিরা বেগম (৫২) জানান, প্রায় ১৩-১৪ বছর আগে তার পিতা হাজী ইসমাইল খান মারা যান। পিতার মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে ভাইদের অনুমতি নিয়ে তিনি পৈতৃক জমিতে বাড়ি নির্মাণ করে তিন মেয়ে ও নাতি নিয়ে বসবাস করছিলেন। কিন্তু সম্প্রতি বিবাদী আসাবুর খান, মাতিন খান, নজরুল, মুরাদ ও মজিদসহ তাদের সহযোগীরা তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র শুরু করে। অভিযোগ অনুযায়ী, পৈতৃক জমির পাওনা অংশ ভাইদের কাছে সস্তায় বিক্রি করতে রাজি না হওয়ায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা ভাড়াটিয়া সন্ত্রাসী ও বুলডোজার নিয়ে হিরা বেগমের বসতবাড়িতে হামলা চালায়। মুহূর্তে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ঘরবাড়িসহ আসবাবপত্রের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২৮ লক্ষ টাকা।
হিরা বেগম অভিযোগ করেন, ঘর ভাঙচুরে বাধা দিতে গেলে তাকে ও তার তিন মেয়ে চাঁদনী, তামান্না ও সাদিয়াকে মারপিট করে জখম করা হয়। এসময় বিবাদীরা তাদের শ্লীলতাহানির চেষ্টা করে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় হিরা বেগম যশোর কোতয়ালী মডেল থানায় আসাবুর খানসহ ৫ ভাই ও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :