• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে হামলা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে তামিমের সংবাদ সম্মেলন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অক্টোবর ২০২৬, ১০:৫২
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক
যশোরে বাড়িতে হামলা, গাড়ির গতিরোধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করা, ভাঙচুর ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তামিম আবু উমামা। রোববার (১১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহরের পূর্ববারান্দি মোল্লাপাড়া ঢাকা রোড এলাকার লোকমান  হোসেনের ছেলে  তামিম আবু উমামা অভিযোগ করেন, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া কদমতলা এলাকার আনোয়ার হোসেন, তার মেয়ে ফারজানা খাতুন ঐশী, ভাই দেলোয়ার হোসেনসহ কয়েকজনের সঙ্গে বিরোধের জেরে তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। প্রায় আড়াই বছর আগে আনোয়ার হোসেনের মেয়ে ঐশীর সঙ্গে তার বিয়ের আলোচনা হয়েছিল। পরে কাবিনের টাকা নিয়ে মতবিরোধের কারণে বিয়ের প্রস্তাব বাতিল করা হলে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এরপর থেকে তাকে জড়িয়ে ছয়টি মামলা করা হয়েছে। এর মধ্যে চারটি মামলা আদালতে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, গত ৭ অক্টোবর সন্ধ্যায় আনোয়ার হোসেন ও তার সহযোগীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এতে বাড়ির ক্ষয়ক্ষতি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়া গত ৮ অক্টোবর দুপুর ১টা ৫ মিনিটে অফিসে যাওয়ার পথে নীলগঞ্জ ভিসা অফিসের সামনে গাড়ির গতিরোধ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার ভিডিও মুঠোফোন ও গাড়ির ড্যাশ-ক্যামেরায় সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে তা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন বলেও জানান তিনি।

তামিম আরও অভিযোগ করেন, তাদের দায়ের করা মানহানির মামলা তুলে নিতে প্রভাব খাটিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে। বর্তমানে তিনি, তার বাবা ও পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাদের ওপর বড় ধরনের হামলার আশঙ্কাও করছেন।

সংবাদ সম্মেলনে তামিম বাড়িতে হামলা, গাড়ির গতিরোধ করে লাঞ্ছিত করা ও ভাঙচুরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।