• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

‘সাকিবকে না চাওয়া মানে বোকার রাজ্যে বাস করা’: সালাউদ্দিন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০
ছবির ক্যাপশন: ad728

ক্রীড়া প্রতিবেদক :
সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানো নিয়ে বিসিবির সাম্প্রতিক ইতিবাচক ইঙ্গিতের পর এবার মুখ খুললেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সাকিবের মতো ক্রিকেটারকে যে কেউ দলে পেতে চাইবে।

সাকিবের দলে ফেরা এবং ম্যানেজমেন্টের ভাবনা নিয়ে সালাউদ্দিন বলেন, “সাকিবকে কেউ দলে চাইবে না—এমনটা ভাবলে মনে হয় আমরা বোকার রাজ্যে বাস করছি। সাকিবের মতো খেলোয়াড় থাকা মানেই দলে একটা অটোমেটিক ব্যালেন্স চলে আসা। সে ফিট থাকলে তাকে যেকোনো কোচ বা অধিনায়কই চাইবে। এটি আসলে প্রশ্ন করার মতো কোনো বিষয়ই না।”

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ‘অদম্য বাংলাদেশ’ টুর্নামেন্টে যুক্ত করা হয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। এ নিয়ে সালাউদ্দিনের মন্তব্য, “বিশ্বের অনেক দেশই এই নিয়ম অ্যাপ্লাই করেছে, আমরাও করে দেখতে চাই। ১২ জন খেলোয়াড় সক্রিয় থাকায় কাজের চাপ বাড়ছে। তবে দিনশেষে সিদ্ধান্তটা নিতে হবে অধিনায়ককে। মাঠের লড়াই শুরু হয়ে গেলে কোচদের আসলে বাইরে বসে থাকা ছাড়া তেমন কিছু করার থাকে না।”

স্কোয়াড নির্বাচন নিয়ে সালাউদ্দিন জানান, মূলত বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখেই দীর্ঘ সময় একসঙ্গে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি বলেন, “পারফরম্যান্স পরের ব্যাপার, কিন্তু ছেলেরা যেন এখান থেকে কিছু শিখতে পারে এবং নিজেদের সেরাটা দেয় সেটাই মূল লক্ষ্য।”

দেশের সেরা ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টকে বড় সুযোগ হিসেবে দেখছেন এই অভিজ্ঞ কোচ। তার মতে, “এখানে তরুণ এবং অভিজ্ঞদের মধ্যে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে। প্রতিটি দিন একেকটি সুযোগ। যারা সিরিয়াসলি নেবে তারা এগিয়ে যাবে, আর সিরিয়াসলি না নিলে ক্যারিয়ারে পতনও ঘটতে পারে।”