যশোরে প্রদর্শিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২২ জানুয়ারী ২০২৬, ০৫:২৫
স্টাফ রিপোর্টার, যশোর:
হারিয়ে যাওয়া শৈশব, গ্রামবাংলার ধুলোবালি মাখা স্মৃতি আর সহজ-সরল জীবনের গল্প নিয়ে যশোরে প্রদর্শিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’। নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ‘শব্দ থিয়েটার’-এর উদ্যোগে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি (শুক্রবার ও শনিবার) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মো. নুরুজ্জামান পরিচালিত এই সিনেমাটি ইতোমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জয় করেছে। সেলুলয়েডের ফিতায় নির্মাতা বন্দি করেছেন আমাদের শেকড়ের গল্প, যা দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে তাদের ফেলে আসা দিনগুলোতে।
আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এই প্রদর্শনীর প্রতিটি শো শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। দর্শকদের সুবিধার্থে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে অত্যন্ত সাশ্রয়ী। সাধারণ দর্শকদের জন্য টিকিট ১০০ টাকা এবং শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের জন্য রাখা হয়েছে মাত্র ৫০ টাকা।
এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট নাট্যকার মাস্উদ জামান। তিনি বলেন, “এই সিনেমাটি কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি আমাদের পারিবারিক বন্ধন, প্রকৃতি এবং গ্রামীণ জীবনের হারানো স্বাদ নতুন করে অনুভব করার একটি সুযোগ।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শব্দ থিয়েটারের তরুণ নির্দেশক রিফাত মাহমুদ এবং অভিনেতা পিয়াশ মন্ডল।
আয়োজকরা যশোরবাসীকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে এসে এই মানসম্মত বাংলা সিনেমাটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন। তাদের বিশ্বাস, ‘আম-কাঁঠালের ছুটি’ দেখার মাধ্যমে বড়দের মনে শৈশবের মিষ্টি স্মৃতি যেমন জীবন্ত হবে, তেমনি ছোটরাও পরিচিত হতে পারবে বাংলার চিরায়ত প্রকৃতির সাথে।
আপনার মতামত লিখুন :