• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় ৩৭ বস্তা সরকারি সার জব্দ, নছিমনচালককে জরিমানা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ অগাস্ট ২০২৬, ১৮:৪৫
ছবির ক্যাপশন: ad728

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৩৭ বস্তা সরকারি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সার বহনকারী নছিমনচালক টিটোন হোসেনকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে সারের মালিক ডিলার খাইরুল হোসেনের বিরুদ্ধে চৌগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের চাঁদপুর বটতলা মোড় ও হিমেলের ভাটার মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভার পারবাজার এলাকার ‘খাইরুল ট্রেডার্স’ থেকে ৩৭ বস্তা সরকারি সার অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় এলাকাবাসী সারবোঝাই নছিমনটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম. এ. মুনীব এবং উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করেন।


জব্দ করা সারের মধ্যে রয়েছে ১০ বস্তা ইউরিয়া, ১২ বস্তা টিএসপি, ১০ বস্তা ডিএপি এবং ৫ বস্তা এমওপি। প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে সারগুলো চৌগাছার বাইরে পাঠানো হচ্ছিল।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব জানান, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় পরিবহনকারীকে জরিমানা করা হয়েছে এবং কালোবাজারির মূল হোতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। কৃষকের স্বার্থবিরোধী যেকোনো অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন জানান, জব্দ করা সার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হবে।