• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঈদযাত্রায় রেমিট্যান্সের জোয়ার: ২০ দিনেই এলো ৩২ হাজার কোটি টাকা!


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬, ১৫:৪৪
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
আগামী সপ্তাহে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা দেশে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে মাসজুড়েই রেমিট্যান্স প্রবাহে এক দুর্দান্ত ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। সেই হিসাবে চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে আসছে ১ হাজার ৬০৯ কোটি টাকারও বেশি রেমিট্যান্স।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে শুরু করে মে মাসের ২০ তারিখ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

খাত সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং চ্যানেলের সেবার মান উন্নয়ন রেমিট্যান্স বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে মে মাসের বাকি দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে।

কেন্দ্রীয় ব্যাংকের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স। এরপর আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার।

ডিসেম্বর মাস থেকে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ আরও বাড়তে শুরু করে। ডিসেম্বরে দেশে আসে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার এবং নতুন বছরের জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার। এরপর ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে রেকর্ড ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং সদ্য সমাপ্ত এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সের বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মে মাস শেষে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স জমা হবে দেশে। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করার পাশাপাশি সার্বিক অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।