• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৪
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার নতুন সরকারের প্রতি অন্তর্বর্তী সরকারের শুরু করা সংস্কার কার্যক্রমগুলো সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৈঠক শেষে মাইকেল মিলার বলেন, “বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় আছি। আজকের বৈঠকে উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা এবং মানবিক সহায়তা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।”

ইইউ রাষ্ট্রদূত বিশেষভাবে উল্লেখ করেন যে, বিগত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সংস্কারের যে উদ্যোগগুলো নিয়েছিল, নতুন সরকার তা কার্যকরভাবে এগিয়ে নেবে বলে ইইউ প্রত্যাশা করে। তিনি বলেন, “আমরা আশা করি নতুন সরকার এই সংস্কারগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বিশেষ করে বিচার বিভাগীয় সংস্কার এবং অভিবাসন ব্যবস্থাপনার উন্নতি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

মিলার আরও জানান, ইইউ এবং বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত ‘পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট’ (পিসিএ) চূড়ান্ত হওয়ার পথে। এটি স্বাক্ষরিত হলে দুই দেশের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। বৈঠকে মানবাধিকার, বাকস্বাধীনতা এবং মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়েও ইইউ’র অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, একই দিনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন, যা নতুন সরকারের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এক কর্মব্যস্ত ও গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে।