• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

এমএম কলেজে আবাসিক ছাত্রীদের নিয়ে ‘মাইন্ড প্রোগ্রামিং’ সেশন অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের আবাসিক ছাত্রীদের মানসিক সচেতনতা, আত্মবিশ্বাস বৃদ্ধি ও ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তোলার লক্ষ্যে বিশেষ ‘মাইন্ড প্রোগ্রামিং’ সেশন অনুষ্ঠিত হয়েছে। ‘মনের শিকল ভেঙে শিখরে’ প্রতিপাদ্যে আয়োজিত এ সেশনে কলেজের তিনটি ছাত্রীনিবাসের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
​‘রাইজ অ্যান্ড থ্রাইভ’ (Rise & Thrive)-এর সহযোগিতায় এবং তিনটি ছাত্রীনিবাসের ব্যবস্থাপনায় এ সেশনটি আয়োজিত হয়। সেশনের আগে একটি গুগল ফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক চাপ, পড়াশোনা, দৈনন্দিন অভ্যাস ও ব্যক্তিগত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তথ্য সংগ্রহ করা হয়।

​সংগৃহীত তথ্যের ভিত্তিতে সেশনের মূল আলোচনা পরিচালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও ‘ব্ল্যাক বেল্ট ইন মেমোরি’ মোঃ হামিদুল হক। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে মানসিক চাপ ও নেতিবাচক চিন্তা মোকাবিলা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং লক্ষ্যনির্ভর জীবনযাপনের উপায় নিয়ে ইন্টারেক্টিভ আলোচনা করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ হারুন অর রশিদ। তিনি বলেন, “একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, আত্মসচেতনতা ও ইতিবাচক জীবনদৃষ্টি গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের নিজেদের সম্ভাবনা সম্পর্কে সচেতন হয়ে দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

​বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোঃ আতিয়ার রহমান শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে বক্তব্য দেন।

​পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে ভূমিকা পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও হল সুপার নাসরিন সুলতানা।
​সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, নিজস্ব অভিজ্ঞতার আলোকেই আলোচনা পরিচালিত হওয়ায় তারা দৈনন্দিন মানসিক চাপ ও অভ্যাস সামলানোর বাস্তবভিত্তিক দিকনির্দেশনা পেয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের প্রয়োজনভিত্তিক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।