যশোরে বিএনপি প্রার্থীর শাশুড়ি-জা কে জাহান্নামের ভয় দেখিয়ে ভোট চাইলো জামায়াতের নারী নেত্রীরা!
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৭
স্টাফ রিপোর্টার, যশোর ;
যশোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বাড়িতে গিয়ে শাশুড়ি ও জা কে জাহান্নামের ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করার অভিযোগ উঠেছে জামায়াতের নারী নেত্রীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এ অপতৎপরতা চালানো হয়েছে। এমনকি ঘটনা ভিন্নখাতে নিতে কথিত হামলার নাটক সাজিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ওই সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যগুলোকে অসত্য এবং ভিত্তিহীন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে সাবিরা নাজমুল জানান, গতকাল রোববার দুপুরে জামায়াতে ইসলামীর কিছু নারী নেত্রী তার শ্বশুর বাড়িতে ভোট চাইতে যান। এসময় তার শাশুড়ি ও জা-এর কাছে ভোট প্রার্থনা করলে স্বাভাবিকভাবেই তারা জানান যে তাদের বাড়ির সন্তানই প্রার্থী। এতে ওই নারী নেত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন এবং ধর্মীয় দোহাই দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। ওই নেত্রীরা সরাসরি বলেন যে তাদের মার্কায় ভোট না দিলে ‘মুনাফিক’ হয়ে যাবেন এবং ‘জাহান্নামে’ যাবেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তার দেবর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল ওই নারী নেত্রীদের কাছে কেবল এই বক্তব্যের ‘ইসলামী ব্যাখ্যা’ জানতে চেয়েছিলেন। এর বাইরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অথচ বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, তারেক রহমান আমাকে নারী প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন নারীর মান-মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে। আমি নিজেই যেখানে নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় মাঠে নেমেছি, সেখানে নারীদের সাথে কোনো খারাপ আচরণ করার প্রশ্নই আসে না।
তিনি জানান, চৌগাছা ও ঝিকরগাছাবাসী তার পাশে আছেন এবং যেকোনো মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সাংবাদিকদের প্রতি সঠিক তথ্য যাচাইয়ের অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ ঝিকরগাছা ও চৌগাছা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :