• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬, ১৫:৪৪
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:

যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি-এর প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ  রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)-২০২৬ হয়। বাংলাদেশ বিমান বাহিনীর ৮৮তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২০২৬এ এবং এসপিএসএসসি-২০২৬এ কোর্সের কমিশনপ্রাপ্ত অফিসার ক্যাডেটদের অংশগ্রহণে আয়োজিত এ কুচকাওয়াজ ছিল বর্ণাঢ্য ও গৌরবময়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কর্মকর্তাদের মাঝে পদক, ট্রফি ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে অফিসার ক্যাডেট তাহসিন আহম্মেদ কোরাইশী মর্যাদাপূর্ণ “সোর্ড অব অনার” লাভ করেন। উড্ডয়ন প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য “বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি” অর্জন করেন আদনান হক। এছাড়া জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য “কমান্ড্যান্টস ট্রফি” এবং গ্রাউন্ড ব্রাঞ্চে সেরা ফলাফলের জন্য “বিমান বাহিনী প্রধানের ট্রফি” পান মোহাম্মদ আনান চৌধুরী।

এবারের গ্রীষ্মকালীন টার্মে “বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন” চ্যাম্পিয়ন হিসেবে একাডেমি পতাকা অর্জনের গৌরব লাভ করে।

অনুষ্ঠানে বক্তব্যকালে বিমান বাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি কিলো ফ্লাইটের বীর সদস্যদের অবদানের কথা উল্লেখ করে বলেন, তাদের আত্মত্যাগ, সাহসিকতা ও অক্লান্ত পরিশ্রমের ভিত্তির ওপর দাঁড়িয়ে আজকের আধুনিক ও সুসজ্জিত বাংলাদেশ বিমান বাহিনী গড়ে উঠেছে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাহিনীতে পরিণত হয়েছে। দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম পরিচালনা, সেনা ও নৌবাহিনীকে সহায়তা এবং বেসামরিক প্রশাসনের বিভিন্ন কাজে বিমান বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বিমান বাহিনী প্রধান আরও বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমানবন্দরসমূহের ফ্লাইট কার্যক্রম সচল রাখা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বিমান বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন, যা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।

এ কুচকাওয়াজের মাধ্যমে ৫ জন নারী অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। আনুষ্ঠানিক কুচকাওয়াজে নেতৃত্ব দেন একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তাহসিন আহম্মেদ কোরাইশী।

অনুষ্ঠান শেষে বিমান বাহিনীর বিভিন্ন বিমানের মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট, আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে এবং চৌকষ প্যারাট্রুপারদের দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। পুরো প্যারেড গ্রাউন্ডজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।