স্বপ্নভুমি ডেস্ক:
আজ ২৮ জুলাই বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। দিবসটির উদ্দেশ্য হলো লিভারের প্রদাহজনিত রোগ হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সবার জন্য প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা।
এ বছরের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস: আসুন, বাধা ভেঙে এগিয়ে যাই’। প্রতিপাদ্যের মূল বার্তা হলো, স্বাস্থ্যসেবা গ্রহণের পথে বিদ্যমান সামাজিক, অর্থনৈতিক ও কাঠামোগত বাধা দূর করে প্রতিটি মানুষের জন্য সমানভাবে পরীক্ষা, প্রতিরোধ এবং চিকিৎসার সুযোগ নিশ্চিত করা।
বিশেষজ্ঞরা জানান, হেপাটাইটিস হলো লিভারের প্রদাহজনিত রোগ, যা প্রধানত ভাইরাসের সংক্রমণের কারণে হয়ে থাকে। ভাইরাল হেপাটাইটিসের বিভিন্ন ধরন থাকলেও হেপাটাইটিস বি ও সি সবচেয়ে বেশি উদ্বেগের কারণ। সময়মতো চিকিৎসা না হলে এসব সংক্রমণ লিভার সিরোসিস, লিভার বিকল হওয়া এবং লিভার ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।
তবে আশার কথা হলো, বর্তমানে হেপাটাইটিস প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর টিকা, নির্ভুল রোগ নির্ণয় প্রযুক্তি এবং আধুনিক ওষুধ রয়েছে। হেপাটাইটিস বি প্রতিরোধে নিরাপদ টিকা বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে হেপাটাইটিস সি-এর জন্য এমন ওষুধ রয়েছে, যা অধিকাংশ রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে সক্ষম। এছাড়া হেপাটাইটিস বি আক্রান্তদের দীর্ঘমেয়াদি ওষুধ রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারপরও বিশ্বের কোটি কোটি মানুষ এখনো প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার বাইরে রয়েছেন। সচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার, রোগ নিয়ে ভয়-লজ্জা, স্বাস্থ্যসেবার সীমিত প্রাপ্যতা এবং অর্থনৈতিক বৈষম্যের কারণে অনেকেই সময়মতো চিকিৎসা পাচ্ছেন না। বিশেষজ্ঞদের মতে, সচেতনতা বৃদ্ধি, দ্রুত পরীক্ষা এবং যথাযথ চিকিৎসাই হেপাটাইটিসমুক্ত ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায়।
আপনার মতামত লিখুন :