• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মণিরামপুরে ব্র্যাকের কর্মশালা: আধুনিক কৌশলে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির তাগিদ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬, ১৫:৩২
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
আধুনিক উৎপাদন কৌশল ব্যবহারের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে যশোরের মণিরামপুরে এক বিশেষ কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে, ২০২৬) ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রোর উদ্যোগে পৌর শহরের মুনলাইট কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মণিরামপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “কৃষিতে বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক) ও বায়োফার্টিলাইজার (জৈব সার) ব্যবহার করলে শুধু মাটির উর্বরতাই বৃদ্ধি পায় না, বরং ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।” আধুনিক কৃষিতে বিষমুক্ত চাষাবাদের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

ব্র্যাক সীডের স্থানীয় ডিলার খালেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রোডাক্ট ম্যানেজার (ভুট্টা) কৃষিবিদ জহিরুল ইসলাম এবং চুয়াডাঙ্গা রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) কামরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর-১ এর টিএসও প্রান্ত বিশ্বাস।

কর্মশালায় বক্তারা কৃষকদের হাইব্রিড ধান চাষের আধুনিক কলাকৌশল, রোগবালাই দমন এবং সুষম সার প্রয়োগের বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন। দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪০ জন 'মডেল কৃষক' অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে পরীক্ষামূলক চাষের জন্য ব্র্যাকের উচ্চফলনশীল ‘ব্র্যাক হাইব্রিড ১০’ ধানের বীজ বিতরণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তিতে ধান চাষে উদ্বুদ্ধ হবেন, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।