• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বেনাপোলকে আধুনিক ও বাসযোগ্য করতে ৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬, ১৩:১০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদকঃ
দেশের প্রধান স্থলবন্দর সংলগ্ন বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, টেকসই এবং দুর্যোগ-সহনশীল নগরী হিসেবে গড়ে তুলতে নেওয়া হয়েছে ৫ হাজার ২০১ কোটি টাকার বিশাল উন্নয়ন পরিকল্পনা। ২০২৪ থেকে ২০৩০ সাল মেয়াদী এই মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বেনাপোল পৌরসভা।

রোববার (১০ মে) সকালে বেনাপোল পৌরসভার হলরুমে আয়োজিত এক বিশেষ কর্মশালায় এই সমন্বিত উন্নয়ন পরিকল্পনার নানা দিক তুলে ধরা হয়। ‘সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এই মেগা প্রজেক্টটি বাস্তবায়িত হবে।

পৌর প্রশাসক ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল সমন্বিত উন্নয়ন পরিকল্পনা (সিডিপি) এবং মূলধনী বিনিয়োগ পরিকল্পনা (সিআইপি)। বক্তারা বলেন, বেনাপোল যেহেতু দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক প্রবেশদ্বার, তাই এখানে পরিকল্পিত নগরায়ন এখন সময়ের দাবি।

কর্মশালায় জানানো হয়, এই ৫ হাজার কোটি টাকা ব্যয়ে মূলত শহরের যানজট নিরসন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদী অবকাঠামো তৈরি করা হবে। এছাড়া নাগরিকদের বিনোদনের জন্য পার্ক, আধুনিক রাস্তাঘাট এবং পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের ওপর জোর দেওয়া হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, "জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে বেনাপোল হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বাসযোগ্য মডেল শহর।"

কর্মশালায় বিশদ উপস্থাপনা করেন নগর পরিকল্পনাবিদ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আজমিরা আক্তার এবং স্থপতি ফারহানা ইসলাম। তারা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মাথায় রেখেই প্রতিটি নকশা তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের সরাসরি অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ২০৩০ সালের মধ্যে বেনাপোল একটি আন্তর্জাতিক মানের আধুনিক পৌরসভা হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।